সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ৮ নম্বর চর গ্রিস গ্রামে ক্রয়কৃত জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান জোরপূর্বক দখল করে রাখার অভিযোগ উঠেছে। ২০১৯ সাল থেকে প্রায় ২০০ শতাংশ জমি ও একটি ইলেকট্রিক ব্যবসাপ্রতিষ্ঠান দখলে রাখার অভিযোগে প্রশাসনের হস্তক্ষেপ, সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগী মো. সাইফুল ইসলাম।
অভিযোগকারী মো. সাইফুল ইসলাম, পিতা: মকবুল হোসেন, গ্রাম: ৮ নম্বর চর গ্রিস, গোয়াখাড়া, উপজেলা: কাজীপুর, জেলা: সিরাজগঞ্জ। তাঁর অভিযোগ, নিজ নামে ক্রয় করা প্রায় ২০০ শতাংশ বা তাঁর দাবি অনুযায়ী ছয় বিঘা জমি এবং সেখানে অবস্থিত ইলেকট্রিক ব্যবসাপ্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখল করে রেখেছেন অভিযুক্তরা। জমির দাগ ও খতিয়ান নম্বর ৩৭৮ বলে তিনি উল্লেখ করেছেন।
সাইফুল ইসলামের আরও অভিযোগ, তাঁর ইলেকট্রিক ব্যবসাপ্রতিষ্ঠানে থাকা প্রায় ১০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় তিনি মো. আব্দুল হান্নান ও তাঁর ভাই মো. সুরুজ্জামান, উভয়ের পিতা মৃত মতিউর রহমান, গ্রাম: গোয়াখাড়া, কাজীপুর, সিরাজগঞ্জের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
ভুক্তভোগীর দাবি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে বিরোধের বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ ও দরবারে উত্থাপন করা হয়েছে। সেসব সালিশে তাঁর পক্ষে সিদ্ধান্ত দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি জমি ও ব্যবসাপ্রতিষ্ঠানের দখল ফিরে পাননি।
সাইফুল ইসলাম অভিযোগ করেন, অভিযুক্তদের প্রভাব ও ভয়ের কারণে স্থানীয় অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলতে সাহস পাচ্ছেন না। ফলে দীর্ঘদিন ধরে তিনি নিজের সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান ভোগদখল করতে পারছেন না।
তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে বিরোধ চলায় তিনি ও তাঁর পরিবার চরম মানসিক চাপে রয়েছেন। বিরোধের দ্রুত ও সুষ্ঠু সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। এমনকি চরম হতাশা থেকে আত্মহানির ঝুঁকির কথাও জানিয়েছেন তিনি।
এ অবস্থায় সংশ্লিষ্ট সংসদ সদস্য ও জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা, দখল পরিস্থিতি এবং ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল সংক্রান্ত অভিযোগ যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
অভিযুক্ত মো. আব্দুল হান্নান ও মো. সুরুজ্জামানের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা এবং জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের প্রকৃত অবস্থা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব।
এদিকে, স্থানীয় সচেতন মহলও বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে ভুক্তভোগী পরিবারের অভিযোগের যথাযথ নিষ্পত্তি এবং আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

স্টাফ রিপোর্টার 



















