ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকার ওপারে মো. শাকিল (১২) নামের এক বাংলাদেশি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত দুই দিন ধরে নিখোঁজ থাকার পর শনিবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর সহায়তায় মরদেহটি ভারতীয় অংশ থেকে উদ্ধার করা হয়।
নিহত শাকিল আখাউড়া উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর গ্রামের মালু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সে মানসিকভাবে অসুস্থ ছিল।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার থেকে শিশু শাকিল হঠাৎ নিখোঁজ হয়। পরিবারের লোকজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে শনিবার রাতে আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপারে ভারতের অভ্যন্তরে ‘লংকা মোড়া’ এলাকায় এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে তাৎক্ষণিক যোগাযোগ ও আলোচনা হয়। পরে শাকিলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ শাকিলের বলে শনাক্ত করেন। যেহেতু মরদেহটি ভারতীয় সীমানার ভেতরে পাওয়া গেছে, তাই আইনি প্রক্রিয়া অনুযায়ী ভারতীয় পুলিশ এসে তা তাদের হেফাজতে নেয়।
এ বিষয়ে বিজিবি সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, মরদেহটি ভারতীয় অংশে পাওয়ায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সে দেশের পুলিশ নিয়ে গেছে। আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে মরদেহটি বাংলাদেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সীমান্তবর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্টাফ রিপোর্টার 


















