বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকায় চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের ১৫ জন মনোনীত প্রশিক্ষণার্থী কর্মকর্তা নেত্রকোণা জেলা পুলিশ পরিদর্শন করেছেন।
গত রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টায় প্রশিক্ষণার্থী কর্মকর্তারা নেত্রকোণা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম।
পরে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের সামনে নেত্রকোণা জেলার ইতিহাস, ঐতিহ্য, দর্শনীয় ও গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে নেত্রকোণা জেলা পুলিশের বিভিন্ন স্থাপনা, সাংগঠনিক কাঠামো, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম, জনসেবামূলক উদ্যোগ এবং পেশাগত বিভিন্ন অর্জন নিয়ে একটি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
প্রেজেন্টেশনে জেলা পুলিশের সার্বিক কার্যক্রম, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং, অপরাধ নিয়ন্ত্রণ, সাইবার অপরাধ দমন, মাদকবিরোধী অভিযানসহ জননিরাপত্তা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন কার্যক্রম ও অর্জন সম্পর্কে প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অবহিত করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজওয়ান আহমেদ, পিপিএম প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি জনবান্ধব, পেশাদার ও প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের ভূমিকা তুলে ধরেন।
সংশ্লিষ্টরা জানান, মাঠ সমীক্ষা কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা মাঠ প্রশাসনের বাস্তব কার্যক্রম, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাহফুজা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 





















