শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার উদ্যোগে এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি বাবু রতন মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে খুলনার বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উপাসনালয়ে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা এবং উপাসনালয়ে হামলার মতো ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা। একই সঙ্গে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
”ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তিত্বের অবমাননা এবং উপাসনালয়ে হামলার মতো ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন:
* বাবু বীরেন্দ্রনাথ ঘোষ, সভাপতি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, খুলনা জেলা শাখা।
* বিমান সাহা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখা।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি বাবু সৌমিত্র দত্ত, সিনিয়র সহ-সভাপতি কিশোর কুমার, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা দিলীপ দাশসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা প্রেসক্লাব চত্বরের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। কর্মসূচি থেকে ধর্মীয় অবমাননা ও মন্দিরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

নিজস্ব প্রতিবেদক, 






















