বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তারা জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং কুশল বিনিময় করেন।
গত রোববার দুপুরে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি পরিমল তালুকদার, সাধারণ সম্পাদক কুশল রাজ পাল ও যুগ্ম সাধারণ সম্পাদক অমর চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সাক্ষাৎ করে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শিবু পোদ্দার ও সদস্য চন্দন কুমার দাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান সংগঠনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাংলাদেশের অন্যান্য জেলার মধ্যে সুনামগঞ্জ অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নিদর্শন। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘদিনের যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে, তা আগামীতেও অটুট থাকবে।” একই সাথে এই সংগঠনের যেকোনো জনকল্যাণমুখী ও ধর্মীয় কার্যক্রমে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

স্টাফ রিপোর্টার 



















