কৃষকদের কাছে সময়মতো এবং সরকারি নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলার ও গুদাম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
গত রোববার (৬ সেপ্টেম্বর) জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্র ও গুদাম পরিদর্শন করেন। এ সময় তিনি ডিলারদের স্টক রেজিস্টার, গুদামে থাকা সারের মজুত পরিস্থিতি এবং সরকারি নির্ধারিত দামে সার বিক্রি হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করেন।
পরিদর্শনকালে ফরিদা ইয়াসমিন ডিলারদের উদ্দেশে বলেন, কোনোভাবেই সারের কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। কৃষকদের প্রয়োজনীয় সার যথাসময়ে সরবরাহ নিশ্চিত করতে হবে এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
তিনি আরও বলেন, কৃষকদের যেন অতিরিক্ত মূল্য পরিশোধ করতে না হয় এবং কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অনিয়ম বা অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করেন।জেলা প্রশাসনের এ তদারকি কার্যক্রমের ফলে সারের বাজারে স্বচ্ছতা বজায় থাকবে এবং কৃষকেরা ন্যায্যমূল্যে সার প্রাপ্তিতে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।

খন্দকার আব্দুল আলীম, জেলা প্রতিনিধি শেরপুর 


















