জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতারা এলাকায় ছোট যমুনা নদীর চরে গড়ে ওঠা দৃষ্টিনন্দন ‘গ্যালাক্সি ড্রাগন বাগান’ পরিদর্শন করেছেন রাজশাহী রেঞ্জের পুলিশের ডিআইজি মো. আশিক সাঈদ।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে সস্ত্রীক এই বাগান পরিদর্শনে আসেন তিনি। এ সময় বাগানে পৌঁছালে উদ্যোক্তা ও বাগান মালিক শিপলু ও তুষার ডিআইজি মহোদয়কে ফুল দিয়ে স্বাগত জানান।
বিশাল এলাকাজুড়ে নদীর চরের এমন দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব বাগান দেখে বিমোহিত হন ডিআইজি। তিনি বলেন, নদীর চরের মতো একটি অনাবাদি বা কঠিন জায়গায় এমন আধুনিক ও পরিপাটি বাগান সত্যিই প্রশংসনীয়। একই সঙ্গে এই বাগানের মাধ্যমে এলাকার বহু শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় তিনি বাগান মালিকদের ধন্যবাদ জানান এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
পরিদর্শনকালে ডিআইজির সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার শাহানাজ বেগম, রাজশাহী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হেলেনা পারভীন, পাঁচবিবি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তুহিন রেজা, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসির দায়িত্বে থাকা মো. আসাদুজ্জামান আসাদসহ পুলিশের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীগণ।

স্টাফ রিপোর্টার 


















