ক্সবাজারের জাদী পাহাড় এলাকায় চাঞ্চল্যকর সাইফুল ইসলাম (২৯) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সাদমান সিহাবকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে পাওনা টাকা পরিশোধের কথা বলে সাইফুল ইসলামকে জাদী পাহাড় এলাকায় ডেকে নেওয়া হয়। পরে দুপুরে মোটরসাইকেল সংক্রান্ত বিরোধ ও বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় সাইফুলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে তাৎক্ষণিক অভিযান শুরু করে এসআরবি-১৫। গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল স্টিল ব্রিজ এলাকা থেকে সাদমান সিহাবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাদমান সিহাব কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব টেকপাড়া এলাকার মঞ্জুর আলমের ছেলে। এসআরবি-১৫ জানায়, তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা ছাড়াও একাধিক মাদক ও ফৌজদারি মামলা রয়েছে।আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেপ্তারকৃত আসামিকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 



















