শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদের হলরুমে SWABOL Project-এর আওতায় এলএফও (LFO) সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ ঝিনাইগাতী উপজেলা কৃষিপণ্য ও উৎপাদক সমবায় সমিতি লিমিটেড এবং রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা এফএসএফসিএসও (FSFCSO) কর্তৃক এলএফও (LFO) সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন ট্রান্সফর্ম ট্রেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মিস অ্যালিস ওয়ারো (Ms. Alice Oyaro), রুরাল ডেভেলপমেন্ট সংস্থার (আরডিএস) সাধারণ সম্পাদক ড. পার্থ সারথি রায়সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তিনি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) শেরপুরভিত্তিক একটি বেসরকারি, অলাভজনক ও অরাজনৈতিক উন্নয়ন সংস্থা। সংস্থাটির মূল লক্ষ্য হলো দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী—বিশেষ করে ভূমিহীন, ক্ষুদ্র কৃষক, নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরতা অর্জন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহায়তা করা। বর্তমানে আরডিএসশেরপুর, জামালপুর ও ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় গ্রামীণ ও শহুরে জনগোষ্ঠীর সঙ্গে কাজ করছে।

শেরপুর প্রতিনিধি 





















