বান্দরবানের থানচিতে ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে একটি পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় ৩৮ বিজিবির তিন্দুমুখ ক্যাম্পের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেছেন।
গত ৫ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৩:৪৫ ঘটিকায় বান্দরবান জেলার থানচি উপজেলার ডিমপাহাড়-তিন্দুমুখ সড়কে এ দুর্ঘটনা ঘটে। ডিমপাহাড় থেকে তিন্দুমুখ নৌঘাটের দিকে নামার সময় তিন্দুমুখ নৌ চেকপোস্ট থেকে আনুমানিক ৬০০ মিটার দূরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়।
এ দুর্ঘটনায় গাড়িতে থাকা পর্যটকদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত এবং পাঁচজন আহত হন। দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএসের নির্দেশনায় অধীনস্থ তিন্দুমুখ বিজিবি ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
পরবর্তীতে আহত পাঁচজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহত দুজনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য থানচি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি বিজিবির পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তদারকি করা হচ্ছে।
এ দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ও প্রশাসনিক কার্যক্রম চলমান রয়েছে।

স্টাফ রিপোর্টার 

















