নওগাঁর ধামইরহাটে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা (IWRM) ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা (SWM) বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক লোকনাট্য ‘গম্ভীরা’ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমি স্কুল মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে পরিচালিত ‘GO4IMPact’ প্রকল্পের উদ্যোগে এই সচতেনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। গম্ভীরা পরিবেশন করেন চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত ‘প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট’-এর শিল্পীবৃন্দ।
নাটিকা ও পরিবেশনার মাধ্যমে সমন্বিত পানিসম্পদ সংরক্ষণ, নিরাপদ পানি ব্যবস্থাপনা, কঠিন বর্জ্য সঠিক স্থানে ফেলা, প্লাস্টিকের ব্যবহার হ্রাস, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। গম্ভীরা পরিবেশনার মাধ্যমে স্থানীয় জনগণকে পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সক্রিয় হতে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং নারী-পুরুষসহ প্রায় চার শতাধিক দর্শক অংশ নেন।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সৃজনশীল ও বিনোদনমূলক সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে পরিবেশ ও পানিসম্পদ সংরক্ষণ বিষয়ে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

স্টাফ রিপোর্টার 


















