চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে ১৪৩টি ভারতীয় স্মার্টফোন, একটি মোটরসাইকেল, ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা এবং একটি বাইসাইকেল জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা।
গত সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টা ১০ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে মনোহরপুর বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৪৩টি বিভিন্ন মডেলের ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এর পরদিন একই দিন সকাল ৯টা ৫০ মিনিটে একই ইউনিয়নের বালুটুঙ্গী গ্রামে আরেকটি অভিযান পরিচালনা করে নিয়মিত টহলদল। এ সময় ১২০ কেজি ভারতীয় বিড়ির পাতা, ৩৩ কেজি বিড়ির মসলা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবি অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং তাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা মোবাইল ফোন, মোটরসাইকেল, বিড়ির পাতা, মসলা ও বাইসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস (শুল্ক) কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

স্টাফ রিপোর্টার 



















