বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর ধামইরহাটে আমাইতাড়া পল্লীশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ৩০০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং নওগাঁর ধামইরহাট এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ (ICCCP-Drought) প্রকল্পের আওতায় এই চারা বিতরণ করা হয়।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় জাগরণী চক্র ফাউন্ডেশন (জাকস ফাউন্ডেশন) সবুজনগর, জয়পুরহাটের বাস্তবায়নে এবং পিকেএসএফ-এর সহযোগিতায় গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে এই কর্মসূচি পালিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জহুরা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার রবীন্দ্র নাথ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। নির্বিচারে বৃক্ষনিধন ও জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণকৃত চারাগুলোর পরিচর্চার দায়িত্বও সকলকে নিতে হবে।”
আলোচনা সভা শেষে প্রত্যেক শিক্ষার্থীর মাঝে ৫টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান হাসান রোজ, প্রকল্প হিসাবরক্ষক ফরহাদ হোসাইন, অনিক মাহমুদ, প্রকল্প কৃষি কর্মকর্তা মনজুরুল ইসলাম, প্রশি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শহিদুল ইসলাম সবুজ, এবং সহকারী শিক্ষক নজরুল ইসলাম ও আবদুস সালামসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

স্টাফ রিপোর্টার 



















