আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী পূর্বধলা উপজেলার ৭নং আগিয়া ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এই নির্বাচনে চেয়ারম্যান পদে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির প্রার্থী হিসেবে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন দীর্ঘ ১৬ বছর ধরে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সফল উদ্যোক্তা হিসেবে কর্মরত সমর চন্দ্র সরকার। “স্মার্ট ইউনিয়ন গঠন করাই আমার মূল লক্ষ্য”— এই স্লোগানকে সামনে রেখে তিনি তাঁর ১০ দফার এক ব্যতিক্রমী ও আধুনিক নির্বাচনী ইশতেহার ও অঙ্গীকারনামা ঘোষণা করেছেন।
দীর্ঘদিন ধরে এলাকার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা সমর চন্দ্র সরকার ২০১০ সাল থেকে অত্যন্ত সততা ও আন্তরিকতার সাথে আগিয়া ইউনিয়নের ‘উদ্যোক্তা’ হিসেবে সাধারণ, গরিব ও অসহায় মানুষকে তথ্যপ্রযুক্তি ও নাগরিক সেবা দিয়ে আসছেন। এই দীর্ঘ পথচলার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি আগিয়া ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন, নিরাপদ ও জনবান্ধব আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
১৯মে মঙ্গলবার সন্ধ্যায় এক মতবিনিময় সভায় তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকারসমূহ ইউনিয়নবাসীর সামনে তুলে ধরেন। তাঁর ঘোষিত ১০ দফা ইশতেহারের মূল বিষয়গুলো হলো:
* সুষম ও ন্যায়সংগত বণ্টন: প্রতিটি ওয়ার্ডের জনসংখ্যা ও চাহিদার ভিত্তিতে সরকারি বয়স্ক-বিধবা ভাতা, টিসিবি কার্ড, ত্রাণ ও অনুদান শতভাগ স্বচ্ছতার সাথে সমহারে বণ্টন।
* ডিজিটাল ও স্মার্ট নেটওয়ার্ক: ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা প্রতিটি ঘরে পৌঁছে দিতে প্রতিটি ওয়ার্ডের আওতাধীন সকল গ্রামকে অনলাইন ইন্টারনেট নেটওয়ার্কের আওতায় আনা।
* নিরপেক্ষ গ্রাম আদালত: সাধারণ মানুষের দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করতে ‘গ্রাম আদালত’কে সম্পূর্ণ সচল ও কার্যকর করা।
* মানবিক ইউনিয়ন পরিষদ: ইউনিয়নের যেকোনো নাগরিকের মৃত্যুতে সমবেদনা এবং প্রতিটি নবজাতকের আগমনে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিশেষ ‘অভিনন্দন বার্তা’ ও উপহার প্রেরণের মানবিক সংস্কৃতি চালু করা।
* নিরাপদ সমাজ ও বাল্যবিবাহ মুক্তি: দল-মত নির্বিশেষে পুরো ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজ, ইভটিজিং ও মাদকমুক্ত করা এবং সামাজিক ব্যাধি ‘বাল্যবিবাহ’ চিরতরে নির্মূল করা।
* ধর্মীয়, শিক্ষা ও ক্রীড়া উন্নয়ন: সকল ধর্মীয় উপাসনালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন এবং শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন।
* জনপ্রতিনিধিদের সমঅধিকার: পরিষদের সকল নারী ও পুরুষ সদস্যদের (মেম্বার) মাঝে বৈষম্যহীনভাবে সরকারি বরাদ্দ ও কাজ করার সমান সুযোগ নিশ্চিত করা।
* আধুনিক ডিজিটাল সেন্টার: নিজের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারকে সর্বাধুনিক প্রযুক্তিতে সাজানো, যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ও অতিরিক্ত খরচ ছাড়াই দ্রুততম সময়ে সকল অনলাইন সেবা পান।
* এলাকাবাসীর উদ্দেশ্যে সমর চন্দ্র সরকার বলেন,”আমি দীর্ঘ ১৬ বছর আপনাদের ঘরের সন্তান হিসেবে সেবা করেছি। আপনাদের মূল্যবান রায়ে নির্বাচিত হলে, পরম করুণাময়ের কৃপায় এবং সবাইকে সাথে নিয়ে আমি এই জনকল্যাণমূলক কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে একটি সুন্দর, আধুনিক ও নিরাপদ ইউনিয়ন গড়ে তুলতে আমি ৭নং আগিয়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের পবিত্র দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।”এলাকার সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি সেবা দিতে গিয়ে সমর চন্দ্র সরকার ইউনিয়নের প্রতিটি পরিবারের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। একজন সৎ, যোগ্য এবং প্রযুক্তিমনস্ক প্রার্থী হিসেবে তাঁর এই আধুনিক ইশতেহার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশার আলো সঞ্চার করেছে।

হারাধন সূত্রধর:পূর্বধলা(নেত্রকোনা)প্রতিনিধি 




















