নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়ন করা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সানজিদা চৌধুরীকে।মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, সানজিদা চৌধুরী এতদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের অপেক্ষায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত (সংযুক্ত) ছিলেন। সেখান থেকে তাঁকে কেন্দুয়া উপজেলার ইউএনও হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হলো।
একই আদেশে আরও উল্লেখ করা হয়, পদায়নকৃত কর্মকর্তাকে ২২ জুলাই অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে। নতুন কর্মস্থলে আনুষ্ঠানিকভাবে যোগদানের পূর্বপর্যন্ত তিনি নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করে যাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়।
এদিকে নতুন ইউএনও যোগদানের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আশার সঞ্চার হয়। কেন্দুয়া উপজেলার সামগ্রিক প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি ফেরাতে এবং জনসেবার মানোন্নয়নে নবনিযুক্ত এই কর্মকর্তা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

নেএকোণা প্রতিনিধি 




















