শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার খালিশপুরে শতাধিক সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল নারী, পুরুষ ও শিশুর মাঝে বস্ত্র বিতরণ করেছে ‘নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’।
গত সোমবার (১৯ অক্টোবর) আয়োজিত এক বস্ত্র বিতরণ কর্মসূচিতে সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে শাড়ি, পুরুষদের মাঝে লুঙ্গি এবং শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সামাজিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকেরা।
উক্ত কর্মসূচিতে প্রধান পৃষ্ঠপোষকতা করেন ‘নাহিয়ান ফাউন্ডেশন অব ইউএসএ’-র প্রতিষ্ঠাতা শায়লা আজীম। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন খুলনা মহানগরীর খালিশপুর থানা বিএনপির ১০ নম্বর ওয়ার্ডের সদস্য এবং খুলনা সিটি করপোরেশনের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী তাহেরা সুলতানা রত্না।
সাবেক সরকারি কর্মকর্তা ও সমাজসেবক এ এম নাহিদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাবিবুর রহমান খান, মো. আব্দুল হাই (কালু), হৃদয় হাশেম আসমত, জাহাঙ্গীর কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করাই তাঁদের এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। “ধর্ম যার যার, উৎসব সবার—মানবতার বন্ধনে গড়ে উঠুক সম্প্রীতির বাংলাদেশ”—এই লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন।

স্টাফ রিপোর্টার 



















