চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, আইসিইউ (ICU) সেবা চালু, হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি এবং জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার স্বাস্থ্য খাতের বিদ্যমান নানা সমস্যা, চলমান ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের জন্য উন্নত, মানসম্মত ও সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিষদ আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব আ. ন. ম. বজলুর রশিদ বলেন, “চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নিতে হবে। চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকট নিরসন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।” পাশাপাশি ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং রোগীদের নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বিভাগকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল বলেন, “চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং জেলার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ জরুরি। হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট নিরসনের পাশাপাশি শয্যাসংখ্যা বৃদ্ধি, আইসিইউ সেবা দ্রুত চালু এবং উন্নত চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করতে হবে।” এছাড়া জেলার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি—একটি মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টিও সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে গুরুত্বের সঙ্গে বিবেচনার তাগিদ দেন তিনি। একই সঙ্গে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন সংসদ সদস্য।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা পরিষদের প্রশাসক মোঃ হারুনুর রশিদ, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মোঃ হাসিবুস সাত্তার, ডা. মোঃ ময়েজ উদ্দিন এবং পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক মোঃ নজরুল ইসলামসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও চিকিৎসকরা।
সভায় বক্তারা জেলার স্বাস্থ্যসেবার বিদ্যমান সব সীমাবদ্ধতা দ্রুত চিহ্নিত করে সমাধানের মাধ্যমে প্রান্তিক ও সাধারণ মানুষের জন্য আধুনিক চিকিৎসাসেবা সুনিশ্চিত করার দাবি জানান। একই সাথে হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ ও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের তাগিদ দেওয়া হয়।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের যৌথ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের স্বাস্থ্য খাতের এই দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধান আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভায় অংশগ্রহণকারীরা।

স্টাফ রিপোর্টার 


















