চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ নারীসহ দুজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টা ৩৫ মিনিটে দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর বসতবাড়িতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে এই অভিযান চালান। এ সময় ১ কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার শেরপুর গ্রামের মৃত নরধন মিয়ার ছেলে মো. লুদন মিয়া (৫০) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ি গ্রামের মো. এরফান আলীর স্ত্রী মোসা. জোহরা বেগম (৩৫)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও নিশ্চিত করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার 


















