ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে।
গত রবিবার বিকেল ৪টায় শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ল্যাবটির শুভ উদ্বোধন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। এছাড়া আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ ও এজিএস মুশফিকুর রহমান তাজওয়ার উপস্থিত ছিলেন।
ল্যাবটির সার্বিক বাস্তবায়নে ছিলেন ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম। এতে সার্বিক সহযোগিতা প্রদান করে শেখ মুজিবুর রহমান হল সংসদ।
উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন দক্ষতা উন্নয়ন (স্কিল ডেভেলপমেন্ট) কোর্সের প্রশিক্ষণ এবং ই-লাইব্রেরি হিসেবে ল্যাবটি ব্যবহার করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলেও এ ধরনের ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়।

স্টাফ রিপোর্টার 


















