নেত্রকোণার দুর্গাপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ হৃদয় (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ২৬ আগস্ট (বুধবার) সকালে দুর্গাপুর থানাধীন নোয়াপাড়া সাকিনস্থ শিমুলতলী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককালে তার ব্যবহৃত অটোরিকশার বিভিন্ন চেম্বারে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।
আটক হৃদয় দুর্গাপুর পৌর শহরের মার্কাস মোড় এলাকার আবুল মিয়ার ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঝাঞ্জাইল নাইট চেকপোস্ট ডিউটি শেষে থানায় ফিরছিলেন। সকাল ৮টা ২০ মিনিটের দিকে শিমুলতলী নামক স্থানে একটি অটোবাইক নিয়ে এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হলে পুলিশ গাড়ি থামায়। পুলিশের গাড়ি দেখেই অটোগাড়িসহ পালানোর চেষ্টা করলে সংগীয় ফোর্সের সহায়তায় এসআই মহিবুর তাকে আটক করেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে অটোরিকশাটি তল্লাশি করে ভেতরে বিশেষ কায়দায় রাখা ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে স্থানীয়ভাবে তিনটি বস্তা সংগ্রহ করে জব্দকৃত আলামত ও আটক আসামিকে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, উদ্ধারকৃত মাদকের বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্টাফ রিপোর্টার 


















