নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায়, ছিন্নমূল ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করা হয়েছে।আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শাড়ি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি প্রকৌশলী এনামুল হক বলেন, “শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালির আবহমান সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে দুর্গাপূজা সার্বজনীন আনন্দ, সৌহার্দ্য ও মিলনমেলায় পরিণত হয়।”
তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং পূজা মণ্ডপগুলোতে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য প্রশাসনকে নির্দেশনা দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনছুর আলী, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্টাফ রিপোর্টার 



















