গত শনিবার (১৩ জুন) সকালে নালিতাবাড়ী পৌরসভা প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, সাংবাদিক এম এ হাকাম হীরা, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় আগামী ছয় মাসে নালিতাবাড়ী উপজেলায় ২৩ হাজার এবং পৌর এলাকায় এক হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে সরকারি এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে পৌরসভা চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

শেরপুর প্রতিনিধি 
















