নেত্রকোণার পূর্বধলায় বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় মো. আরাফ সানি (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আরাফ সানি উপজেলার নারান্দিয়া ইউনিয়নের হিরণপুর (মহেন্দ্রপুর) গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই সকালে অজ্ঞাত কারণে নিজ বাড়িতে বিষপান করে আরাফ সানি। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ২৬ জুলাই কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর (রেফার) করেন। পরবর্তীতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাতে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, বিষপানে চিকিৎসাধীন অবস্থায় এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও জানান, ঠিক কী কারণে ওই কিশোর বিষপানের পথ বেছে নিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে পুলিশ।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 




















