ভারতে পাচার হওয়া দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। গত শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তিরা হলেন— মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মন্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বচার। তাদের বাড়ি নড়াইল, রাজবাড়ি, খুলনা ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালাল চক্রের প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গিয়েছিলেন এই ৯ জন। সেখানে বিভিন্ন বাসা-বাড়ি ও খেত-খামারে কাজ করার সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।
সাজাভোগ শেষে একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের জেলখানা থেকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রেখেছিল। আইনি প্রক্রিয়া শেষে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তারা বেনাপোল বন্দর দিয়ে দেশে ফেরেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের মানবাধিকার সংস্থা তাদের নিজ পরিবারের কাছে পৌঁছে দেবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের প্রতিনিধি শফিকুল ইসলাম জানান, ফেরত আসা নারী, পুরুষ ও শিশুদের সাময়িকভাবে সংস্থার নিজস্ব শেল্টার হোমে রাখা হবে এবং পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্টাফ রিপোর্টার 


















