শেরপুরের নকলা উপজেলার খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি বেঞ্চ উদ্ধার করা হয়েছে পাশের এক বাড়ির গোয়ালঘর থেকে। লোহার তৈরি ওই বেঞ্চগুলো গোয়ালঘরের লাকড়ির নিচে রাখা ছিল। এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
গত রোববার (৩০ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের পাশের আবু মিয়ার বাড়ির গোয়ালঘর থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনটি লোহার বেঞ্চ উদ্ধার করে বিদ্যালয়ে ফিরিয়ে আনা হয়। স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে এই চুরির ঘটনা প্রকাশ্যে আসে।
আবু মিয়ার পরিবারের দাবি, প্রধান শিক্ষক হীরার অনুমতি ও জানাশোনাতেই তারা বেঞ্চগুলো বাড়িতে এনেছিলেন। তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক হীরা বলেন, তিনি কাউকেই বেঞ্চ দেননি বা অনুমতি প্রদান করেননি। বেঞ্চগুলো গোপনে বিক্রি করা হয়েছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে নকলা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুর প্রতিনিধি 




















