সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটে বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম পরিদর্শন করেন এবং ড্রোনের ব্যবহারিক প্রদর্শনী উপভোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্তের দুর্গম ও জনবল দিয়ে নজরদারি করা কঠিন এলাকাগুলোতে থার্মাল ও নাইট মিশন সক্ষম ড্রোন ব্যবহার করা হবে। এর মাধ্যমে সীমান্তের অপর প্রান্তের গতিবিধি শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।”
সীমান্ত এলাকায় অপরাধ দমনে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিকায়ন করা হচ্ছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এর ফলে চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ উল্লেখযোগ্য হারে কমে আসবে।
অবৈধ অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও মানব পাচার মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতির ওপর জোর দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এসব অপরাধ রোধে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা হবে।” ড্রোন প্রযুক্তির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, দেশে ড্রোন তৈরি ও সংযোজনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্পে রূপ নিতে পারে।
সাম্প্রতিক ‘মব কালচার’ বা মব সংস্কৃতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে। ইতোমধ্যে অনেকাংশে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন যে, ড্রোন প্রযুক্তি কেবল সীমান্ত নিরাপত্তায় নয়, প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ বিতরণ ও উদ্ধার কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষণকেন্দ্রে প্রদর্শিত আধুনিক ড্রোনের বিষয়ে মন্ত্রী বলেন, বিশ্বের উন্নত ড্রোন প্রযুক্তি ধীরে ধীরে এখানে সংযোজন করা হবে এবং আগামী এক থেকে দুই বছরের মধ্যে আরও উন্নত সক্ষমতা অর্জনের পরিকল্পনা রয়েছে।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।এর আগে বেলা ১১টা ২০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম সিলেট সফর

স্টাফ রিপোর্টার 














