নেত্রকোনার বারহাট্টায় একটি মাদ্রাসার পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ‘হাফিজিয়া দারুল উলূম মুহিউসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা’র পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা আনোয়ার হোসেন জানান, সকালে এক নারী মাদ্রাসার পুকুরে একটি নবজাতকের লাশ ভাসতে দেখে কর্তৃপক্ষকে জানান। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি বারহাট্টা থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে। তিনি আরও বলেন, শিশুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এদিকে জনবহুল এলাকার একটি মাদ্রাসার পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত সাপেক্ষে প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা।
হারাধন সূত্রধর

হারাধন সূত্রধর:পূূর্বধলা (নেত্রকোনা) বিশেষ প্রতিনিধি 





















