নিষিদ্ধ ছাত্রলীগসহ কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে নোয়াখালী জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
গত শুক্রবার (৫ জুন) সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির সভাপতি এনবিএস রাসেল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান, নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল, নোয়াখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি মো. আনাসসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী জেলা ছাত্রদলের কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, কিশোর গ্যাং এর আদলে ছাত্রলীগ সংগঠিত হচ্ছে। জেলায় একাধিক কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। এরাই বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের নামে বিভিন্ন মিছিল বের করে। আমরা চাই পুলিশ আইনগত ব্যবস্থাগ্রহণ করুক।
নোয়াখালী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, কিশোর গ্যাং এর মিছিল থেকে ছাত্রদলের হাতে আটক ১৮ জনকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিজিটাল রিপোর্ট 



















