নেত্রকোণার পূর্বধলা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার (৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জালশুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সবুজ মিয়া (৪৫)। পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৩৫ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ আব্দুল্লাহ আল রাহিদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জালশুকা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সবুজ মিয়াকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে তিনটি এয়ার-টাইট প্যাকেটে রাখা মোট ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন,
“মাদকের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গঠনে পূর্বধলা থানা পুলিশ সর্বদা সচেষ্ট। মাদক কারবারি ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পূর্বধলা থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

হারাধন সূত্রধর:পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 





















