নেত্রকোণার পূর্বধলায় পুলিশের এক বিশেষ অভিযানে ২৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (২৮ জুন) ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে পূর্বধলা বাজারের ‘বিসমিল্লাহ খাবার হোটেল’-এর সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহাঙ্গীর আলম উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত লাল চানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) রাশেদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে এই বিশেষ অভিযান চালান। অভিযানকালে সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৮টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক উদ্ধারের এ ঘটনায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রবিবারই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

হারাধন সূত্রধর: পূর্বধলা (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 



















