ময়মনসিংহের ত্রিশালে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম আঃ সালাম (৬৫)। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ত্রিশাল থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডোবায় একটি অজ্ঞাত লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ত্রিশাল থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে ত্রিশাল থানার এসআই রুবেলের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত আঃ সালাম পার্শ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার এসআই রুবেল জানান, নিহতের শরীরের একাধিক স্থানে আঘাতের গুরুতর চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি 



















