বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দিনাজপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী কান্তজীউ মন্দির এবং ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শন করেছেন।গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো ঘুরে দেখেন।
মার্কিন রাষ্ট্রদূত মন্দির প্রাঙ্গণে পৌঁছালে স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি মন্দিরে প্রদীপ প্রজ্বালন করেন এবং আরতি অনুষ্ঠানে অংশ নেন।
পরিদর্শনকালে ব্রেন্ট ক্রিস্টেনসেন কান্তজীউ মন্দিরের প্রাচীন টেরাকোটার (পোড়ামাটির) কারুকাজে সমৃদ্ধ বিভিন্ন অংশ অত্যন্ত আগ্রহের সঙ্গে ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্টরা তাঁকে মন্দিরটির সুদীর্ঘ ইতিহাস, অনন্য স্থাপত্যশৈলী ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত মন্দিরের নান্দনিক কারুকাজ ও সংরক্ষণ ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন। মন্দির পরিদর্শন শেষে তিনি পার্শ্ববর্তী ঐতিহাসিক নয়াবাদ মসজিদ পরিদর্শনে যান এবং সেখানেও প্রাচীন কারুকাজ ও স্থাপত্যশৈলী ঘুরে দেখেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক ড. আহমেদ আবদুল্লাহ, কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীম, সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রঞ্জিত সিং-সহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

স্টাফ রিপোর্টার 




















