শেরপুরের নালিতাবাড়ীতে ই-সিগারেট (ভেপ), নিকোটিন পাউচ নিষিদ্ধকরণ এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।গত মঙ্গলবার (২৭ অক্টোবর) নালিতাবাড়ী পৌর প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ তামাকবিরোধী জোট, যয়তুন চ্যারিটি বিডি, সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থা ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সবুজ বাংলা গ্রামীণ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক।
যয়তুন চ্যারিটি বিডির প্রোগ্রাম অফিসার আমানুল্লাহ আসিফের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুনায়েদ আব্দুল কাইয়ুম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক দেবাশীষ চন্দ্র, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রতন দাস, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, পৌরসভার অন্যান্য কর্মকর্তা, আলোকবিন্দু স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন এবং সাংবাদিক মঞ্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় তামাক ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব, ধূমপান নিয়ন্ত্রণ, ই-সিগারেট ও নিকোটিন পাউচের ব্যবহার প্রতিরোধ এবং শিশু-কিশোর ও তরুণদের তামাকের আসক্তি থেকে সুরক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় আয়োজকরা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কার্যকর কমিটি গঠন, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় পৌর প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
এ সময় প্রধান অতিথি ও পৌর প্রশাসক মো. আব্দুল মালেক তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমে আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতার আশ্বাস দেন। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তামাকের ব্যবহার কমানো এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

খন্দকার আব্দুল আলীম, জেলা প্রতিনিধি শেরপুর 



















