দেশজুড়ে আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে দেশের আট বিভাগেই হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
২৯ ও ৩০ আগস্ট বৃষ্টিপাতের পরিধি আরও বাড়তে পারে। এ সময় দেশের আট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ২৯ আগস্ট দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সামগ্রিকভাবে বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে।
এদিকে রাজধানী ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইছে। বুধবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৮৭ শতাংশ রেকর্ড করা হয়েছে।

ডিজিটাল ডেস্ক 






















