ঢাকায় আকাশে মেঘ থাকলেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে দিনের বেশিরভাগ সময় রাজধানীতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টা পর্যন্ত ঢাকায় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দুপুর পর্যন্ত আকাশে কিছু মেঘ দেখা গেলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে।
এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ সন্ধ্যার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

ডিজিটাল ডেস্ক 
























