নেত্রকোণার পূর্বধলা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
গত শুক্রবার (২৬ জুন) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নারান্দিয়া বাজার এলাকায় নেত্রকোণা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা ছাত্রলীগের ব্যানারে এ মিছিলটি অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী আওয়ামী লীগ নেতা আমানুর রশিদ খান জুয়েলের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির মাসুদ খান ফাহিম, ছাত্রলীগ নেতা জাহিদ হাসান আকাশ, পিয়াস মীর ও হিমু তালুকদার। মিছিলে প্রায় শতাধিক উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলে অংশগ্রহণকারীরা গ্রেপ্তার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দ্রুত মুক্তির আহ্বান জানান।
পূর্বধলা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন ভিডিওটি আমাদের নজরে এসেছে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি 
















