জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ৫ আগস্টের পর জনগণ ভেবেছিল ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও একই পথে হাঁটছে।
ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা থেকে বিরত না থাকলে দেশের মানুষ আওয়ামী লীগের মতোই তাদের বিতাড়িত করবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির।
তিনি আরও বলেন, একটি বিশেষ রাষ্ট্রকে খুশি করতে গিয়ে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করা হয়েছে। একইসঙ্গে একটি দল ছাড়া বাকি সব দলের ইতিহাসও গায়েব করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা।
শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, অপরাধের দায় নিয়ে যারা দেশ ছেড়েছেন, তাদের আর দেশে ফেরার সুযোগ নেই।
বাংলাদেশের পাসপোর্টের অবস্থান নিয়েও সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, সভ্য দেশের অন্যতম মাপকাঠি পাসপোর্ট সূচকেও বাংলাদেশ পিছিয়ে রয়েছে। দেশের নাগরিকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সেমিনারে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনম রফিকুর রহমান মাদানীর সভাপতিত্বে বক্তব্য দেন অন্তর্বর্তীকা সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, মো. নূরুল ইসলাম বুলবুল, ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। পরে সিরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ডিজিটাল রিপোর্ট 

























