“সুস্থ দেহে সুন্দর মন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার (ছাত্র-ছাত্রী) প্রতিযোগিতা-২০২৬। শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ময়মনসিংহ জিলা স্কুল ছাত্রাবাস মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চল, ময়মনসিংহের ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতায় ময়মনসিংহ অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের সচিব প্রফেসর মোঃ এনামুল হক।বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুস সালাম প্রধান শিক্ষক ময়মনসিংহ জিলা স্কুল,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক জনাব মোহাঃ নাসির উদ্দীন। তিনি বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পদ্ম-অঞ্চল, ময়মনসিংহের সহ-সভাপতির দায়িত্বেও রয়েছেন।
প্রফেসর মোঃ এনামুল হক বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলাবোধ, পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে বিদ্যালয় পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।
মোঃ আব্দুস সালাম বলেন,
লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করে এবং মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ইতিবাচক ভূমিকা রাখে।
৫৩তম গ্রীষ্মকালীন এ প্রতিযোগিতায় হ্যান্ডবল, কাবাডি, দাবা ও সাঁতার এই চারটি বিভাগে ছাত্র ও ছাত্রীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। প্রতিটি ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি আন্তঃশিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ক্রীড়া সংগঠনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া শিক্ষক, প্রতিযোগী শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্হিত ছিলেন।

স্টাফ রিপোর্টার 



















