সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শহর থেকে গ্রামে মাদকের কুফল ছড়িয়ে পড়া রোধ ও তা নির্মূলের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়।
গত শনিবার বিকেলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম)-এর নেতৃত্বে গৌরারং ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের অংশগ্রহণে এই মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে গৌরারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শওকত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ (পিপিএম) বলেন, “মাদক হচ্ছে জাতির জন্য একটি বড় অভিশাপ। এই মারাত্মক ছোবল থেকে আমাদের নতুন প্রজন্ম ও সন্তানদের বাঁচাতে মাদক নির্মূলের শপথ নিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন যে, সরকার এবং সুনামগঞ্জের পুলিশ প্রশাসন মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের কেনাবেচা বা ব্যবসায়ীদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পেলে তৎক্ষণাৎ পুলিশকে খবর দেওয়ার জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানান।
ওসি রতন শেখ সতর্ক করে বলেন, “আমরা সবাই মিলে যদি এই সামাজিক ব্যাধি নির্মূল করতে না পারি, তবে সচেতন নাগরিক হিসেবে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের কখনো ক্ষমা করবে না।” মাদকের বিরুদ্ধে সর্বাত্মক সামাজিক সচেতনতামূলক আন্দোলন গড়ে তোলার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আকুল আহ্বান জানান।

স্টাফ রিপোর্টার 


















