২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। কলেজে ভর্তির ওয়েবসাইটে গিয়ে ফল জানা যাবে।
এ ছাড়া অভিভাবকদের দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএস দিয়েও ফল জানিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে এই ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলে দেখা গেছে, প্রথম ধাপে মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩০ জন শিক্ষার্থী আবেদন করে। তাদের মধ্যে ৯ লাখ ৮০ হাজার ৮১৫ জন কলেজে ভর্তির জন্য মনোনয়ন পেয়েছে।
তবে ১৪ হাজার ৪১৫ জন শিক্ষার্থী কোনো কলেজে মনোনয়ন পায়নি। তাদের মধ্যে জিপিএ ৫ পেয়েও কলেজ পায়নি দুই হাজার ২০৫ জন।
এ ছাড়া ১১টি কলেজে কোনো পছন্দ দেয়নি শিক্ষার্থীরা এবং আবেদন থাকা সত্ত্বেও ৪১৬টি কলেজে কোনো শিক্ষার্থীকে মনোনয়ন দেওয়া হয়নি। সবচেয়ে বেশি আবেদন পড়েছে ময়মনসিংহের সরকারি আনন্দমোহন কলেজে।
এই কলেজে ৯৮১ আসনের বিপরীতে ৩২ হাজার ৬৭৮টি আবেদন পড়েছে। এরপর দ্বিতীয় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে দুই হাজার ৩৭৯ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩২ হাজার ৬৪০টি। তৃতীয় ঢাকা সিটি কলেজে চার হাজার ২৮০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩১ হাজার ৯৫১টি।
শিক্ষা বোর্ড বলছে, আগামীকাল শুক্রবার রাত ৮টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে শিক্ষার্থীর নির্বাচন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
এরপর শিক্ষার্থীদের পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল ১৯ সেপ্টেম্বর রাত ৮টায় প্রকাশ করা হবে। কলেজে মূল ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। আর নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ২৪ সেপ্টেম্বর থেকে।

অনলাইন ডেস্ক 
























