সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সুপ্রিম কোর্টে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
আজ রোববার (১২ জুলাই) অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল এ তথ্য জানান। ঘোষণার অনুযায়ী, আপিল বিভাগের কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত এবং হাইকোর্ট বিভাগের কার্যক্রম দুপুর ১টা পর্যন্ত চলবে।
এর আগে, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তার মৃত্যুর খবর প্রকাশের পরপরই সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত জানায়।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি শিক্ষা, আইন, বিচার ও সংসদীয় বিষয়কসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
আইনজীবী হিসেবেও তিনি ছিলেন সুপ্রতিষ্ঠিত। ১৯৬০ সালের ২৭ মে তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্ট থেকে সনদ নিয়ে আইন পেশায় যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইন বিষয়ে অভিজ্ঞ আইনজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করেন।
তিনি ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০০২ সালে তৎকালীন রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পদত্যাগের পর ২১ জুন থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

মাটি ও মানুষ ডেস্ক 























