শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ঘুমন্ত স্বামীকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় রাজু মিয়া (৪২) নামের ওই ব্যক্তিকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের গরুহাটি এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাজু মিয়া ওই এলাকার মৃত দুলাল মিয়ার ছেলে এবং মরহুম ডা. আব্দুল হাইয়ের নাতি।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন রাজু মিয়া। এ সময় পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী মোছা. খুকু মনি (৩২) ঘুমন্ত অবস্থায় হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে রাজু মিয়ার মাথা ও কানের পাশে গুরুতর জখম হয়। আঘাতে তার ডান কানের একটি অংশ ছিঁড়ে যায় বলেও জানা গেছে।
ঘটনার পর পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলা প্রতিনিধি শেরপুর 




















