নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় মোবাইলফোনে ফুটবল ম্যাচ দেখার সময় অসাবধানতাবশত খালের পানিতে পড়ে নিখোঁজ হওয়া আহাদ নূর (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের দুদিন পর শুক্রবার সকালে উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ‘সাপমরা খাল’ থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।এর আগে গত বুধবার দিবাগত গভীর রাতে খালের পাড়ে বসে খেলা দেখার সময় তিনি নিখোঁজ হন।
নিহত আহাদ নূর মোহনগঞ্জ উপজেলার মাঘান (মাইজহাটি) গ্রামের কাঁচা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সৈয়দপুর গ্রামে বসবাস করছিলেন। কয়েক দিন আগে তিনি মোহনগঞ্জে তাঁর চাচা কালা মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ঘটনার বিবরণ:
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দিবাগত রাতে সাপমরা খালের পাড়ে বসে মোবাইলফোনে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার একটি ফুটবল ম্যাচ দেখছিলেন আহাদ। একপর্যায়ে অসাবধানতাবশত খালের খাড়া পাড় থেকে গভীর পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় তিনি আর পানি থেকে উঠতে পারেননি বলে ধারণা করা হচ্ছে।
পরদিন বৃহস্পতিবার সকাল থেকে স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ শুক্রবার সকালে স্থানীয় লোকজন নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকালে মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল।
মাঘান-সিয়াধার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম মাসুদ জানান, আহাদের চাচার বাড়িটি খালের একবারে তীরঘেঁষে অবস্থিত। বর্তমানে খালটিতে প্রচুর পানি রয়েছে এবং ওই অংশটি বেশ গভীর। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী আহাদ সাঁতার জানতেন না। এ ঘটনায় কারও কোনো অভিযোগ বা শত্রুতা নেই বলে নিশ্চিত করেছেন তিনি।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুল ইসলাম হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান:
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোবাইলে খেলা দেখার সময় অসাবধানতাবশত পা পিছলে খালে পড়ে যান আহাদ। সাঁতার না জানায় পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের লিখিত আবেদন করায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।

হারাধন সূত্রধর: (নেত্রকোণা) বিশেষ প্রতিনিধি 






















