নেত্রকোণার পূর্বধলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে দুই বান্ডিল তাস, নগদ ৪ হাজার ৪৯০ টাকা ও জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।
গত রোববার (১১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের জামধলা বাজারের একটি দোকানঘরে এ অভিযান পরিচালনা করা হয়। পূর্বধলা থানার (নিঃ) উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি পুলিশ দল অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মাসুদ খান (৫৫), মো. জাহেদ আলী (৫৬), মো. সারোয়ার আলম ওরফে বুলবুল (৪৬), মো. আবুল কাশেম (৫০), ইমরান আহমেদ খান রিংকু (৫০), মো. রইছ উদ্দিন (৪০) ও মো. আব্দুল হান্নান (৪৩)।
পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোণার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় পূর্বধলা থানা পুলিশের একটি দল জামধলা বাজারের ওই দোকানঘরে অভিযান চালায়। সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়ার আসর চলছিল। অভিযানকালে সাতজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় দোকানের মালিক তাইজ উদ্দিন (৪৫), রশিদ মণ্ডল (৪২) ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন জুয়াড়ি পালিয়ে যান বলে পুলিশ জানায়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পাশাপাশি পলাতকদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ও ১৮ ধারায় পূর্বধলা থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৪, তারিখ ১১ অক্টোবর ২০২৬।তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নুরুল ইসলাম নেত্রকোনা জেলা প্রতিনিধি 


















